হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা আমির সিরাজী। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে। আমির সিরাজী তার গ্রামের বাড়ি গফরগাঁও অবস্থান করছিলেন। সেখানে থাকাকালীন গত ২৭ ডিসেম্বর রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান,
তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে তাকে হাসপাতালটির হৃদরোগ বিভাগে ভর্তি করানো হয়। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন বলে জানান তার ছেলে। জনিপ্রয় অভিনেতা আমির সিরাজী একজন মুক্তিযোদ্ধা। ১৯৮৫ সাল থেকে এখন পর্যন্ত সাড়ে ছয়শ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’ সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন। এখনো তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে।